আইন-আদালত

চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজা উদ্ধারে যুবকের ১ বছরের কারাদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজা উদ্ধারের ঘটনায় কুদ্দুস আলী (৫৫) নামে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের সুরইল বিলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালানোর সময় কুদ্দুস আলীকে ১০ পুরিয়া গাঁজা (ওজন ২০ গ্রাম) দখলে রাখা/সেবনরত অবস্থায় আটক করে। পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

 

মোবাইল কোর্টে কুদ্দুস আলীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

দণ্ডপ্রাপ্ত কুদ্দুস আলী সুরইল বিলপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। পরে তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়।

Leave a Reply