টঙ্গীতে পারিবারিক কলহের জেরে মহিদুল ইসলাম ওরফে মধু মোল্লা (২৮) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। তার মরদেহের সঙ্গে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে টঙ্গীর বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মধু মোল্লা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শিলটা গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে।
তিনি ও তার স্ত্রী পেশায় গার্মেন্টসকর্মী। তারা বিসিক এলাকার মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া বাসায় থেকে গার্মেন্টসে চাকরি করতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সাংসারিক খুঁটিনাটি বিষয়াদি নিয়ে মধু মোল্লা ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। আজ বৃহস্পতিবার ঝগড়ার জেরে তার স্ত্রী গার্মেন্টসে চলে গেলে সকাল ১০টার দিকে ভাড়া বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেন।
টঙ্গী পূর্ব থানার এসআই সৈয়দ বায়েজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সঙ্গে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা ছিল- আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, সবাই আমাকে ক্ষমা করে দিয়ো। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






