সাভারের আশুলিয়ায় বাসা থেকে ডেকে নিয়ে রুবেল মন্ডল (৩৫) নামের এক যুবককে দিনদুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে উপজেলার আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম দেউন এলাকার নিহত রুবেল মন্ডলদের নিজস্ব মাছের খামারের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রুবেল মণ্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণ পাড়া এলাকার মো. নায়েব আলী মন্ডলের ছেলে।
এছাড়া তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন মন্ডলের ছোট ভাই। রুবেল মণ্ডল তার ভাইয়ের মাছের খামার, ঝুট ব্যবসা ও বালুর ব্যাবসা দেখাশোনা করত।
পুলিশ জানায়, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার পাড়াগ্রাম দেউন এলাকার একটি মাছের খামারের পাশে নির্জন স্থানে রুবেল মন্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শুরু করা হয়।
তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহতের পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়েছিল।
নিহতের বড় ভাই আলমগীর মন্ডল জানান, রুবেল মন্ডল ঢাকায় চাকরি করতো এবং বাকি সময় মাছের খামারে কাজ করতো।
সকালে রুবেল মন্ডলকে বাসা থেকে ডেকে আনে স্থানীয় আব্বাস মন্ডলের ছেলে শান্ত (৩০), মৃত আশক আলী মন্ডলের ছেলে কুদ্দুস মন্ডল ও তার ভাই আমজাদ মন্ডল। ১৫ দিন আগেই তাকে হত্যার হুমকি দিয়েছিল শান্ত, মুনসুর, আকবর, কুদ্দুস, আমজাদ, জাহিদুল, জাকির হোসেন ও আলাউদ্দিন। পরে দুই দিন আগে জোরপূর্বক তারা ওই খামার থেকে মাছ মেরে নিয়ে গেছে। আমি এই ঘটনার বিচার চাই এবং হত্যাকারীদের ফাঁসি চাই।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।






