অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৬ মে) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে কাঠের নৌকাসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম দুই সহযোগী মো. সাদ্দাম খান (২০) ও আব্বাস মোল্লাকে (৪০) আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ১টি শটগান, ১টি খেলনা বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জামাদি, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ২০৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র, ৪টি কুড়াল, ৭টি করাত, ১০টি রড, ৫টি হাতুড়ি, ১টি সোলার, ২৮টি মোবাইল, ১১টি ওয়াকিটকি চার্জার ও ২টি কাঠের নৌকা উদ্ধার করা হয়।
আটককৃতরা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাতদলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল।
লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, কোস্ট গার্ডের এ ধরনের সাঁড়াশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাতমুক্ত হয়ে উঠছে।






