দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে। বর্তমানে পেঁয়াজ কেজি প্রতি ২ টাকা কমে ৪৮ টাকা, রসুন কেজি প্রতি ১০ টাকা কমে ১২০ টাকা, আদা কেজি প্রতি ২০ টাকা কমে ৮০ টাকা এবং শুকনো মরিচ কেজি প্রতি ১০০ টাকা কমে ২০০ টাকা, জিরা কেজি প্রতি ১০ টাকা কমে ৬১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে এসব নিত্যপণ্যের দাম কমেছে বলছেন খুচরা বিক্রেতারা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
রবিবার (৪ মে) সকালে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা আজমল হোসেন বলেন, সামনে কোরবানির ঈদ। এই ঈদে আদা, রসুন, পেঁয়াজসহ বেশ কিছু মসলার চাহিদা থাকে। বর্তমানে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে।
তবে জিরার দাম এবং রসুনের দাম অনেকটাই বেশি আছে। সেই সঙ্গে ডিমের দামও বেশি। এসব পণ্যের দাম কমলে আমাদের মতো সাধারণ মানুষদের অনেক সুবিধা হয়।
তিনি বলেন, সরকারের কাছে অনুরোধ থাকবে, ঈদকে সামনে রেখে যেন কোনো ব্যবসায়ী নিত্যপণ্যের বাজার অস্থির না করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং নিয়মিত বাজার মনিটর করতে হবে।






