নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ওপর চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আদালতে এ ঘটনা ঘটে।
এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদরাসাছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, শুনানি শেষে আদালত থেকে আনার পথে মারধর করার চেষ্টা করেছিল।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন কাদিরের আদালতে সিআইডি ৭ দিনের আবেদন করলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, ছাত্র আন্দোলনে মাদরাসাছাত্র হাফেজ মো. সোলাইমান নিহত হন। এ ঘটনায় নিহতের দুলাভাই সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় মাদরাসা ছাত্র মো. সোলাইমান নিহত হন।






