লক্ষ্মীপুরের কমলনগরে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) জোরপূর্বক অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার চরলরেঞ্চ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় অপহরণের শিকার ওই ছাত্রীর ভাই মাশরাফুল ইসলাম বাদি হয়ে অপহরণের অভিযোগে মো. নিশাদ, নুরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে শুক্রবার (২৫ এপ্রিল) কমলনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। অপহরণের শিকার ছাত্রী স্থানীয়বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে তাকে একই এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে মো. নিশাদ তার সহযোগীদের নিয়ে একটি সিএনজিতে এসে অপহরণ করে। আজ (২৬ এপ্রিল) শনিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই স্কুলছাত্রীর কোনো সন্ধান বা উদ্ধার করতে পারেনি পুলিশ।
মাশরাফুল ইসলাম বলেন, মো. নিশাদ প্রায় সময় তার বোনকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে ঘটনার দিন বিকালে পরিকল্পিতভাবে জোরপূর্বক একটি সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজি করেও তার বোনের কোনো সন্ধান পাননি।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, স্কুলছাত্রী অপহরণের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।






