বগুড়ার ধুনট উপজেলায় উচ্চস্বরে সালাম দেয়াকে কেন্দ্র করে এক মাদরাসা অধ্যক্ষসহ তিনজনকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সজল খান (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় জনতা অভিযুক্ত সজলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
আহতরা হলেন- উপজেলার মাটিকোড়া আল-সালেহ লাইফ লাইন মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা খালেদ সাইফুল্লাহ (৪৭), ওই মাদরাসার শিক্ষার্থী আব্দুল মোমিন (২২) এবং স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন পলাশ (৪৩)। বর্তমানে তারা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় ধুনট থানা থেকে সজল খানকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সজল খান উপজেলার মাটিকোড়া গ্রামের মুজা খানের ছেলে। এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত প্রায় ৯টায় উপজেলার মাটিকোড়া আল-সালেহ লাইফ লাইন মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।






