টাঙ্গাইলের দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম নামের এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। শুক্রবার (২৫ এপ্রিল) ডুবাইলে এই ঘটনা ঘটে।
সাইফুল টাঙ্গাইল শহরের সাকরাইল এলাকার মৃত সাব্বির আহমেদের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে সাইফুল এক জেলেকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে মির্জাপুরের একটি হ্যাচারিতে মাছের রেনু কিনতে যাচ্ছিলেন।
যমুনা সেতু-ঢাকা মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছলে তিন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তাদের অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তলসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। সাইফুল তাদের বাঁধা দিলে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তারা আরো জানায়, সাইফুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন মারা যান।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলমান।






