সারাদেশ

ঝিনাইদহে কীটনাশক মেশানো পানি পান করে অসুস্থ ৬ শিশু

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খেলার সময় নলকূপের বিষ মেশানো পানি পান করে অসুস্থ হয়ে পড়েছে ছয় শিশু। গতকাল সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কাচারীতলা গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা হলো- ওই গ্রামের কামিরুল শাহর ছেলে হোসাইন শাহ্ (৪), সাইফুল শাহর মেয়ে মরিয়ম (৭), সাগর খাঁর ছেলে আব্দুল্লাহ (৩), হাসান মণ্ডলের মেয়ে জান্নাতুল (৯), রতন শাহর ছেলে রোকেয়া (৯) ও মারুফ শাহর ছেলে মারফিয়া (৬)।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরের দিকে কাচারীতলা গ্রামের রমজান মণ্ডল তার জমিতে কীটনাশক ব্যবহার শেষে কীটনাশকের বোতলটি পাশের আম বাগানে রেখে দিয়েছিলেন। পরে ওই এলাকার কয়েকজন শিশু বোতলটি কুড়িয়ে পায়। সে সময় তারা খেলার ছলে বোতলে থাকা ওষুধ একটি নলকূপের ভেতর ফেলে দিয়ে সেই পানি পান করে অসুস্থ হয়ে পড়ে।

মমতাজ খাতুন নামের এক অভিভাবক বলেন, আমার বাচ্চার হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়।

তখন আমরা হরিণাকুণ্ডু হাসপাতালে নিয়ে যাই। সেখান চিকিৎসকরা ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান। এখানে এসে বিষ ওয়াশ করে আমার মেয়ে কিছুটা সুস্থ হয়েছে।’

জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মেহেদী ইসলাম টিটু বলেন, অসুস্থ ওই শিশুদের বিষক্রিয়া হয়েছিল।

চিকিৎসা দেওয়ার পর এখন তারা অনেকটা সুস্থ হয়ে উঠেছে।

হরিণাকুণ্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, বিষয়টি শোনার পর ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল। খেলার ছলে শিশুরা নলকূপের পানির সঙ্গে কীটনাশক মিশিয়ে খেয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply