চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত থেকে অবৈধ ও চোরাচালানকৃত ৪৫টি ভারতীয় মোবাইল ফোনসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৬টার সময় মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। আটককৃত ব্যক্তি হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার কোর্ট বাজার দেওয়ান জাইগীর গ্রামের ফেত্তার হাজীর ছেলে মো. হানজালা (২৫)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একজন ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখা যায়, টহলদলের তার গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে ৪৫টি ভারতীয় মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসরারুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকায় ৪৫টি ভারতীয় মোবাইলসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মোবাইলসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






