নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুট বোঝাই করা একটি চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রবিবার (২০ এপ্রিল) মধ্য রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি ঝুট বোঝাই ট্রাক জালকুড়ি খিরত আলী স্কুলের সামনে পৌঁছনোর পরপরই হঠাৎ করেই আগুন ধরে যায়।
এ সময় ট্রাকের চালক সড়কের পাশে থাকা খালে গাড়ি নামিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকে থাকা ঝুটের আগুন পেছনে থাকা একটি মাইক্রোবাসেও ছড়িয়ে পড়ে। এতে মাইক্রোবাসটির অনেকাংশই পুড়ে যায়।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, ‘একটি ঝুট বোঝাই ট্রাকে আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা কিছু বলতে পারেনি। ট্রাকের চালককে আহত অবস্থা হাসপাতালে পাঠানো হয়েছে।






