সারাদেশ

সিএনজিতে পেট্রোল বোমা নিক্ষেপ, আগুন লেগে দগ্ধ ২ নারী

চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানার তিন রাস্তার মোড় আতুরার ডিপোর সামনে সিএনজি অটোরিকশায় আগুন লেগে দুই নারী দগ্ধ হয়েছেন। তবে সিএনজি চালকের দাবি, সিএনজিতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নং বার্ণ ইউনিটে ভর্তি করেন।

আহতরা হলেন, রাউজাম পৌরসভা ৬ নং ওয়ার্ডের বাসিন্দা লায়লা (৫০) ও ৫নং ওয়ার্ডের বাসিন্দা ঝরনা (৩০)।

অটোরিকশা চালক মো. জমির বলেন, ‘শিশুসহ ৬ জন  যাত্রী নিয়ে কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলাম। ফজরের আজানের একটু পর  আতুরার ডিপো এলাকায় এলে তিনজন লোককে মুখবাধা অবস্থায় বোতল হাতে দাঁড়িয়ে থাকতে দেখি। তারা অতর্কিত গাড়িতে বোতলটি নিক্ষেপ করে। এতে অটোরিকশায় আগুন ধরে যায়।

পরে আমি পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি। পেটের দায়ে গাড়ি চালাই। গাড়ি চালাতে না পারলে কি করে চলব। 

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সিএনজি অটোরিকশার দুই যাত্রীকে ভোরে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়।তাদেরকে ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আনয়নকারী সিএনজিচালক বলেছেন, তাদের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘ঘটনাস্থলের ও আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের একাধিক টিম কাজ করছে ঘটনার রহস্য উন্মোচনে।

নিউজ ডেস্ক:

Leave a Reply