নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদী পারের সময় নৌকাডুবিতে নিখোঁজ হয় দশম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেন। আজ শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার ভোলাবো এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার লাশ উদ্ধার করে।
নিহত জোবায়ের হোসেন রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে।
সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেন তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী সায়েম, সিয়াম ও রাব্বি দাউদপুর খেয়াঘাট থেকে ভোলাবো এলাকায় আসার জন্য একটি ছোট নৌকায় ওঠে।
নৌকাটি নদীর মাঝামাঝি ভোলাবো ক্যাপিটাল ম্যারিনার সামনে পৌঁছলে পানি উঠে ডুবে যায়। এ সময় সাঁতার কেটে সায়েম, সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠতে পারলেও ডুবে যায় জোবায়ের হোসেন।






