সারাদেশ

ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ, বিছিনায় পড়েছিল স্ত্রীর নিথর দেহ

বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী এলাকায় পিতামাতার অত্যাচার থেকে রক্ষায় স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে নিহতদের লাশ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

 

নিহতরা হচ্ছেন, অটোচালক রাহাত ও তার স্ত্রী লামিয়া। এক বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

 

পারিবারিক সূত্র থেকে জানা গেছে, রাহাত ও লামিয়ার মধ্যে কোন ধরনের দ্বন্দ্ব ছিল না। তবে শ্বশুড়-শাশুড়ির সঙ্গে লামিয়ার দ্বন্দ্ব লেগেই থাকতো। এ কারণে লামিয়ার ওপর শ্বশুড়-শাশুড়ি নির্যাতন চালাতো। এমনকি তারা দুইজনই হাত তুলতো বলে অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয় নিয়ে সালিশ হলেও শ্বশুড়-শাশুড়ি কারণে-অকারণে তাদের নির্যাতন চালিয়ে আসছিল। পিতামাতা হওয়ায় রাহাতও তাদের কিছু বলতে পারতো না। সকলের ধারনা এসব বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাহাত তার স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।

 

আজ সকালে কক্ষের দরজা না খোলায় গ্রামবাসী এসে দরজা ভেঙ্গে বিছানার উপর লামিয়া এবং ফ্যানের সাথে রাহাতের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধীদের জের ধরেই এমন ঘটনাটি ঘটেছে। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে দোষীদের আইনের আওতায় আনা হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply