মানিকগঞ্জ সদর উপজেলায় রাস্তার পাশ থেকে কার্টনবন্দি অবস্থায় উদ্ধার হওয়া সেই নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তবে এখনো হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রোববার (৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বিউটি গোস্বামী লালমনিরহাটের আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে। তার স্বামীর নাম অলক রঞ্জন গোস্বামী। স্বামীর সঙ্গে ঢাকার উত্তরায় বসবাস করতেন তিনি। অলক রঞ্জন রাজধানীর একটি বায়িং হাউজে চাকরি করতেন। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।






