বড়ইবাড়ী-ভাওয়াল-মির্জাপুর আঞ্চলিক সড়কে সন্ধ্যার পর আমরা ডাকাতের ভয়ে যাত্রী নিয়ে যাই না। এ সড়কের হাটুরিয়া চালার প্রায় দেড়-দুই কিলোমিটারের দুপাশে গভীর জঙ্গল। রাতে সেখানে ডাকাত দলের সদস্যরা অবস্থান নেয়। সুযোগ বুঝে সড়কে যাতায়াতকারী লোকজনের ওপর হামলা করে। অস্ত্রের মুখে জিম্মি করে সব লুটে নেয় তারা।’ কথাগুলো গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অটোরিকশাচালক আব্দুল কদ্দুসের।
উপজেলার তিন আঞ্চলিক সড়কে দুই মাসে একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাত দলের সদস্যরা পথচারী, যানবাহনের চালক এবং অটোরিকশার যাত্রীদের ওপর হামলা ও কুপিয়ে জখম করছে। তাদের টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নিচ্ছে। সরেজমিন পথচারী, যানবাহনের চালক ও স্থানীয়রা জানিয়েছেন, তিন সড়কে প্রতিদিনই কোনো না কোনো নির্জন স্থানে ডাকাতির ঘটনা ঘটছে। কাউকে কুপিয়ে জখম করে, কারও হাত-পা বেঁধে জঙ্গলে ফেলে সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে।






