সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ছোট সগুনা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আজাহার আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। মসজিদের উন্নয়নের চাঁদা ধার্য নিয়ে শনিবার রাতে গ্রামের আলাউদ্দিন আহমেদ এবং কারিমুল পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।
আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোট সগুনা গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত আজাহার আলীর ছেলে রাশিদুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।






