রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে বিল-ভাউচার ছাড়া ১০ লাখ টাকার ভুয়া ভ্রমণ বিল আত্মসাতের অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুদক।
রোববার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় তারা রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক ম্যানেজারের কার্যালয় ও অডিট কার্যালয়ের নথিপত্র যাচাই-বাছাই করে দেখেন।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, বিল ভাউচার ছাড়া অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে দুদকের একটি টিম অভিযান চালিয়েছে। টিমের সদস্যরা আর্থিক অনিয়মের যাবতীয় নথিপত্র পর্যালোচনা করছেন। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রেলের পরিবহন অডিট অধিদপ্তরের অডিটে ভ্রমণ বিলে এ ধরনের অসঙ্গতি ধরা পড়ে। এ ঘটনায় বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে (ডিসিও) জানানো হলেও বিল-ভাউচার খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ ওঠে।






