একমাত্র একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এসএসসি-২০২৭ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় পুনর্বিবেচনার আহ্বান
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নির্বাচনী পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এসএসসি-২০২৭ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় ছাত্র প্রতিনিধি ফজলুর রহমান রিয়াদ।
তিনি জানান, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবক তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু নাসের স্যারের সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং অকৃতকার্য শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে পুনরায় পরীক্ষার আয়োজন করার অনুরোধ জানিয়েছেন।
রিয়াদ বলেন, যেসব শিক্ষার্থী যে বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের শুধু সেই বিষয়ে পুনরায় পরীক্ষা নেওয়া হোক। পুনঃপরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের এসএসসি-২০২৭ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক। প্রয়োজনে অভিভাবকরা সন্তানদের বাড়িতে পড়াশোনার প্রতি আরও বেশি নজর দেবেন এবং অতিরিক্ত প্রাইভেট শিক্ষকের মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা করবেন বলেও তাঁকে আশ্বস্ত করেছেন।
তবে অধ্যক্ষ আবু নাসের স্যার তাঁকে জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এককভাবে তাঁর হাতে নেই। প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও নির্বাচনী পরীক্ষা পরিচালনা কমিটির সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করছে।
এদিকে রিয়াদের প্রশ্ন, নির্বাচনী পরীক্ষায় এতসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণ কী? তাঁর জানা মতে, পরীক্ষায় খুব অল্পসংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিষয়টি নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, চুনারুঘাটের আরেকটি ঐতিহ্যবাহী সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানা গেছে। তাহলে গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে একই ধরনের উদ্যোগ নিতে বাধা কোথায়?
রিয়াদের মতে, একজন শিক্ষার্থী একবার পড়াশোনা থেকে ঝরে পড়লে তাকে স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও ঝরে পড়া রোধের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
তিনি গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডির সদস্য এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে অকৃতকার্য বিষয়ে পুনরায় নির্বাচনী পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হোক। এতে শিক্ষার্থীরা নিজেদের ভুল সংশোধনের আরেকটি সুযোগ পাবে এবং এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের পথ তৈরি হতে পারে।
সবশেষে তিনি জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা পূরণে তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন। কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে আপাতত তাঁদের আশ্বস্ত করতে পারছেন না। এ জন্য তিনি সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, পুরো বক্তব্যটি ছাত্র প্রতিনিধি ফজলুর রহমান রিয়াদের একান্ত ব্যক্তিগত মতামত ও দাবি।






