সারাদেশ

শার্শায় ৯৯ বোতল কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৯ বোতল কফ সিরাপ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ফয়সাল আহম্মেদ ইমন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে আরও এক আসামি।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের পশ্চিমকোটা (মাঝেরপাড়া) গ্রামে এ অভিযান চালানো হয়।

শার্শা থানার এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল একটি বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭৯ বোতল WINCEREX ও ২০ বোতল ESKUF কফ সিরাপ উদ্ধার করে। এ সময় ফয়সাল আহম্মেদ ইমনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. শাহজাহান সরদারের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, শার্শা থানা এলাকায় মাদক ব্যবসা ও মাদক কারবারিদের কোনো জায়গা হবে না। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। অপরাধী যত প্রভাবশালীই হোক, তাকে আইনের আওতায় আসতে হবে।

পুলিশ আরও জানায়, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply