সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ১০৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৯ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুন্সিপাড়া এলাকার মো. আবু বকর সিদ্দিকের ছেলে রবিন ইসলাম (২৭), একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. রিপন ইসলাম (২৮), আকচা ডাক্তারপাড়া এলাকার শ্রী হরিপদ বর্মনের ছেলে শ্রী সতীশ চন্দ্র বর্মন (৩৮) এবং মুসলিম নগর (শান্তিনগর) এলাকার মো. দয়ালের মেয়ে মোছা. হাসি আক্তার।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার রবিন ইসলাম দীর্ঘদিন ধরে সহযোগীদের মাধ্যমে এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদরসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশ জানায়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply