সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ ও একাডেমিক ফেস্ট

চাঁপাইনবাবগঞ্জে অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) শহীদ সাটু অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ ও চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।

এ সময় ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেলসহ নেতাকর্মী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।

প্রধান আলোচক জাহিদুল ইসলাম শিক্ষাজীবনে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, নেতৃত্বের গুণাবলি বিকাশ ও সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন। ডাকসুর জিএস এস এম ফরহাদ শিক্ষার্থীদের সৃজনশীলতা, ইতিবাচক নেতৃত্ব এবং শিক্ষার্থীদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ আয়োজন শিক্ষার্থীদের পারস্পরিক পরিচিতি, শিক্ষার প্রতি আগ্রহ ও ইতিবাচক নেতৃত্বের চর্চা বাড়াতে ভূমিকা রাখবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply