সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সমাজে ইমামরা অত্যন্ত সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। তাঁদের কথা মানুষের পারিবারিক ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সমাজে সততা, ন্যায়বিচার, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ পরিবর্তনেও ইমামদের এগিয়ে আসতে হবে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদের সম্মেলনকক্ষে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বিশ্বনাথ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, সমাজের মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও তাঁদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম।
এ ছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইমাম সমিতির সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী।
সম্মেলনে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।






