নওগাঁ থেকে ১২০ বস্তা ডিএপি সার অন্যত্র পাচারের সময় জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন এলাকা থেকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো.নূরুল আমিন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিন জানান, ১৩ অক্টোবর রাত ৯টার দিকে ২ টি ভটভটি গাড়িতে করে ১২০ বস্তা ডিএপি সার অবৈধ ভাবে পাশবর্তী এলাকায় কে বা কারা নিয়ে যাচ্ছিলো। এসময় স্থানীয় বাসিন্দারা রাস্তার উপর গাড়ি দুটি আটক করে প্রশাসনের কাছে খবর দেয়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। ডিএপি কমপ্লেক্স সারগুলোর সরকারি দর ১ লাখ ২৬ হাজার টাকা। জব্দ সারগুলো স্থানীয় দুবলহাটি ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষি বিভাগের তত্ত্বাবধানে সমুদয় সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অভিযানের সময় পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সারের ডিলার বা তার কোনো প্রতিনিধিকে ঘটনাস্থলে পাওয়া যায় নি।






