চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দ মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের পশ্চিমপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ১৮৭/১০-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নায়েক সুশীল চাকমার নেতৃত্বে শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ১২টি ভারতীয় মোবাইল ফোন পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। জব্দ মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।






