দিনাজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা বাইক চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চক্রের অপর এক সদস্য পালিয়ে গেলেও তাঁর বাড়ি থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি ওসি মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে নয়ন দাস (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি Honda Shine SP 125cc মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে নয়ন মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করেন এবং তাঁর কাকা শ্বশুর অনন্ত দাস ওরফে খাকাওয়ের কাছে আরও দুটি চোরাই মোটরসাইকেল থাকার তথ্য দেন।
পরে নীলফামারী সদর উপজেলার যাদুরহাট এলাকায় অনন্ত দাসের বাড়িতে অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে তাঁর বাড়ি থেকে একটি TVS Metro 100cc ও একটি Bajaj Pulsar 150cc মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, আসামিরা দিনাজপুরসহ আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছিলেন। উদ্ধার তিনটি মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।






