সারাদেশ

প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে জেলা বিএনপির মতবিনিময় সভায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের দিশা টাওয়ারে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনায় সভা কিছু সময়ের জন্য স্থগিত হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টায় দিশা টাওয়ার মিলনায়তনে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভা শুরু হয়। সভা চলাকালে রাত সাড়ে ৮টার দিকে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে ছাত্রদলের উপস্থিত নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা একে অপরের দিকে প্লাস্টিকের চেয়ার ছুড়ে মারলে সেখানে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয় এবং সভার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ঘটনার বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি জানান, সংগঠনে কোনো উপদলীয় কোন্দল নেই। কেবল শ্লোগান দেওয়া ও কথা কাটাকাটিকে কেন্দ্র করে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, যা অভ্যন্তরীণভাবে সমাধানের চেষ্টা চলছে।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ জানান, দলীয় স্লোগান দেওয়া নিয়ে কর্মীদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। জ্যেষ্ঠ নেতারা দ্রুত পদক্ষেপে নিয়ে মিলনায়তনের বাইরে গিয়ে বিষয়টি মীমাংসা করে দিলে পরিবেশ পুনরায় স্বাভাবিক হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply