সারাদেশ

পুলিশ ক্যাম্পের খাবারে বিষক্রিয়া, ইনচার্জসহ ১০ পুলিশ সদস্য হাসপাতালে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে ক্যাম্পের ইনচার্জ (আইসি) মনিরুজ্জামানসহ ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে দায়িত্ব পালন শেষে তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে একে একে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।

হাসপাতালে ভর্তি পুলিশ সদস্যরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে পুলিশ সদস্যরা অসুস্থ হয়ে পড়েছেন।

তবে খাবারে কীভাবে বিষক্রিয়া ঘটেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। অসুস্থতার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

একসঙ্গে ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply