সারাদেশ

কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুন সরকার (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কসবা থানাধীন মেহারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যমুনা গ্রামের মধ্যপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চলাকালে যমুনা গ্রামের মোঃ মামুন সরকারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মামুন সরকার যমুনা (মধ্যপাড়া) এলাকার মৃত জাহের মিয়ার ছেলে। তার মায়ের নাম রোকেয়া বেগম। তিনি মেহারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
কসবা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় এসআই (নিরস্ত্র) কাজী ছানোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযানে অংশ নেন। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন ওই যুবককে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
সীমান্তবর্তী উপজেলা হওয়ায় কসবায় মাদক পাচার ও কারবার নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশের অভিযোগের পাশাপাশি বিভিন্ন সময়ে মাদক উদ্ধারের ঘটনাও ঘটছে। এ পরিস্থিতিতে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তবে কসবা থানা পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোঃ রাশেদ বলেন, “ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে কসবা থানা পুলিশ। বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে মাদকের চালান উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply