বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা মহিলা বিভাগের উদ্যোগে ‘মহিলা দায়িত্বশীলা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টায় বাংলাদেশ শিশু একাডেমি, দিনাজপুর জেলা কার্যালয়ের হলরুমে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি মুহতারামা নুরুন্নিসা সিদ্দিকা এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহতারামা মারজিয়া বেগম এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চল মহিলা বিভাগের পরিচালিকা মুহতারামা রোজিনা রোজি।
দিনাজপুর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোস্তাকিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন সাবেক অঞ্চল পরিচালিকা অধ্যাপিকা মেহেরুন নেছা, অঞ্চল টিম সদস্যা সিদ্দিকা খাতুন বিথী ও জাকিয়া জাবিন, অঞ্চল সহকারী পরিচালিকা আফরোজা বেগম এবং জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি গুলশানারা নার্গিস।
প্রধান অতিথির বক্তব্যে নুরুন্নিসা সিদ্দিকা ইসলামী আদর্শ, নৈতিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দ্বীনের পথে কাজ করতে গিয়ে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হতে হলেও ধৈর্য ও ত্যাগের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনের জন্য আত্মত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার মধ্যে বিশেষ শান্তি রয়েছে। তাই সব ধরনের প্রতিকূলতা অতিক্রম করে দ্বীনি কার্যক্রমকে আরও গতিশীল করতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মেলনে বক্তারা ইসলামী আদর্শ অনুসরণ, সাংগঠনিক দায়িত্বশীলতা, ধৈর্য ও ত্যাগের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সমাজে নৈতিক ও ইতিবাচক পরিবর্তন আনতে দায়িত্বশীল নারীদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মহিলা বিভাগের জেলা কর্মপরিষদ সদস্যা জান্নাতুন ফেরদৌস।
সম্মেলনে দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুলসংখ্যক নারী কর্মী ও দায়িত্বশীলা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত এ সম্মেলন সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।






