সারাদেশ

বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালকে আধুনিক চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ

বগুড়ায় শিশুস্বাস্থ্যসেবার অন্যতম প্রতিষ্ঠান শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালকে আরও আধুনিক ও কার্যকর চিকিৎসাকেন্দ্রে পরিণত করার লক্ষ্যে নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে ২০২৬) শহরের দত্তবাড়িস্থ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
সভায় বক্তারা বলেন, ২০০৫ সালে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হাসপাতালটি দীর্ঘদিন ধরে শিশুদের চিকিৎসাসেবা দিয়ে আসছে। নানা প্রতিকূলতা ও প্রশাসনিক জটিলতার কারণে এর কার্যক্রম কিছু সময় বাধাগ্রস্ত হলেও বর্তমানে হাসপাতালটিকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপদেষ্টা রেজাউল করিম বাদশা এবং অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ পরিচালনা কমিটির সদস্যরা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন মো. মোশাররফ হোসেন এমপি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল এবং অন্যান্য সদস্যবৃন্দ।


সভায় হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি এবং শিশুস্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের জন্য অ্যাজমা ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২১ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হাসপাতালটির নতুন পরিচালনা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে।

নিউজ ডেস্ক:

Leave a Reply