সারাদেশ

নিষেধাজ্ঞা ভেঙে বরফ উৎপাদন, আইস প্লান্ট মালিককে অর্ধলাখ টাকা জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারের জারি করা ৫৮ দিনের সামুদ্রিক মাছ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বরফ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এক আইস প্লান্ট মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। জরিমানার টাকা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের ধোলাইমার্কেট এলাকায় অবস্থিত ‘ফাহিম মিনি আইস প্লান্ট’-এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এসময় নৌ-পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযানে আইস প্লান্টে নিষেধাজ্ঞাকালে মাছ সংরক্ষণে ব্যবহৃত বরফ উৎপাদনের প্রমাণ পাওয়ায় প্লান্টের মালিক হারুন অর রশিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও কিছু অসাধু বরফকল মালিক গোপনে বরফ উৎপাদন ও সরবরাহ চালিয়ে যাচ্ছেন। এতে নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের চলমান অভিযানে এমন অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। এসময় মাছ সংরক্ষণে ব্যবহৃত বরফ উৎপাদন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করায় মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় তাকে জরিমানা করা হয়েছে। নিষেধাজ্ঞা সফল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply