সারাদেশ

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ নারী-পুরুষ আটক

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) উপজেলার আমবাড়ি বাজার সংলগ্ন দৌলতপুর এলাকার দক্ষিণপাড়া থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুজনের নাম সিরাজুল ও ফরিদা। এলাকাবাসীর দাবি, তারা সম্পর্কে আপন ভাই-বোন এবং দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

অভিযানটি পরিচালনা করে দৌলতপুর জাগ্রত সমাজকল্যাণ সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত সার্জন মো. ইমরান মোল্লার নেতৃত্বে স্থানীয় পর্যায়ে নজরদারি জোরদার করে এ অভিযান চালানো হয়। পরে আটককৃতদের চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জালালের কাছে হস্তান্তর করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা মো. ইমরান মোল্লা বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় কঠোর। সমাজকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক শুধু ব্যক্তি নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়—তাই প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সবকিছুই আইনি প্রক্রিয়া মেনে সম্পন্ন করা হবে।”

মানবাধিকার সংশ্লিষ্টরা বলছেন, মাদকবিরোধী অভিযান অবশ্যই সময়োপযোগী, তবে এর পাশাপাশি আটক ব্যক্তিদের অধিকার নিশ্চিত করাও জরুরি। তারা মনে করেন, তদন্তের সময় নির্যাতনমুক্ত পরিবেশ, ন্যায্য বিচার এবং আইনজীবীর সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে সামাজিকভাবে হেয় না করার আহ্বান জানান তারা।

বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্যের সংরক্ষণ, পরিবহন বা বিক্রয়ের সঙ্গে জড়িত থাকলে অপরাধের মাত্রা অনুযায়ী ৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। অপরাধের ধরন ও পরিমাণ অনুযায়ী শাস্তির মাত্রা আরও বাড়তে পারে।

এদিকে স্থানীয় বাসিন্দারা এ অভিযানের প্রশংসা করেছেন। তারা মনে করেন, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগই পারে এলাকা থেকে মাদক নির্মূল করতে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা

Leave a Reply