দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ১০ নম্বর পুনট্রি ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম রুবেল ইসলাম। তার বাড়ি কুতুবডাঙ্গা গ্রামীণ ব্যাংক এলাকায় বলে জানা গেছে। আটককালে তার কাছ থেকে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর জাগ্রত সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. ইমরান মোল্লার নেতৃত্বে তাকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তাকে স্থানীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে মো. ইমরান মোল্লা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছি। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিকে বাস্তবায়ন করার লক্ষ্যে জাগ্রত সমাজ কল্যাণ সংগঠন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের মাদক কার্যক্রম আমরা বরদাস্ত করি না।”
এলাকাবাসীর পক্ষ থেকেও এ উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “আমাদের এলাকায় মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের উদ্যোগ আমাদের আরও সচেতন হতে উদ্বুদ্ধ করে।”
তারা আরও বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষ একসঙ্গে এগিয়ে এলে মাদকের মতো সামাজিক সমস্যা মোকাবিলা করা অনেক সহজ হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।






