দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি অর্থায়নে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী, সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। স্থানীয় ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধারাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবী ও দৌলতপুর জাগ্রত সমাজ কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ ইমরান মোল্লা বলেন, “প্রতিবন্ধীদের জন্য এমন সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনবে। এটি শুধু একটি হুইলচেয়ার নয়, বরং স্বাবলম্বী হওয়ার পথে একটি সহায়ক শক্তি।”
উপকারভোগীদের একজন আবেগাপ্লুত হয়ে বলেন, “আমরা যারা চলাফেরা করতে পারি না, এই সহায়তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এখন কিছুটা হলেও সহজে চলাফেরা করতে পারবো।”
স্থানীয় বাসিন্দারাও উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম নিয়মিত হলে সমাজের পিছিয়ে পড়া মানুষ আরও বেশি উপকৃত হবে।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।






