Topসারাদেশ

শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন জরুরি, মানসম্মত শিক্ষায় পিছিয়ে দেশ: শিক্ষামন্ত্রী

 শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনা এখন সময়ের দাবি। তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে ঘাটতি রয়েছে, যা দূর করতে কার্যকর ও টেকসই সংস্কার প্রয়োজন। শুক্রবার  ১৭ এপ্রিল দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য দিকনির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “আমাকে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে। কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে আমরা অত্যন্ত দুর্বল।” তিনি আরও বলেন, শিক্ষা খাতে উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়।


নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো জাতি, তাকিয়ে আছে তোমাদের অভিভাবক। আজকের পর থেকে প্রতিটি মুহূর্ত লেখাপড়ায় কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, এই মুহূর্তই তোমার আগামীর ভবিষ্যৎ তৈরি করবে, এই মুহূর্তই আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে।”

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। মন্ত্রীর বক্তব্যে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

Leave a Reply