সারাদেশ

মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি: ভ্রাম্যমাণ আদালতে ‘শুটার আশরাফ’ আটক

সাভার উপজেলা ভূমি কার্যালয়ে জমির নামজারি করতে এসে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জালিয়াতির চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন আশরাফ উদ্দিন (৫৩), যিনি এলাকায় ‘শুটার আশরাফ’ নামে পরিচিত। ভ্রাম্যমাণ আদালত তাকে তাৎক্ষণিক কারাদণ্ড প্রদান করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ভূমি কার্যালয়ে নামজারি সংক্রান্ত এক আবেদনের শুনানিকালে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আবেদনকারী পক্ষ মৃত এক ব্যক্তিকে জীবিত দেখিয়ে ভুয়া নথিপত্র জমা দেয়। শুনানির সময় কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে এবং পরে বিষয়টি নিশ্চিত হলে আশরাফকে আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন জানান, প্রাথমিকভাবে এটি একটি সুপরিকল্পিত জালিয়াতির চেষ্টা বলে প্রতীয়মান হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
আটক আশরাফ উদ্দিন সাভারের ভাকুর্তা ইউনিয়নের খাগুড়িয়া এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ‘শুটার’ নামে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। বিশেষ করে ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত একটি আলোচিত হত্যাকাণ্ডসহ কয়েকটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ভুয়া কাগজপত্রের মাধ্যমে নামজারি করতে এসে তিনি ধরা পড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে সংশ্লিষ্ট হত্যা মামলাগুলোতে তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হবে কিনা—এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজ ডেস্ক:

Leave a Reply