দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আত্রাই নদী থেকে দুই অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ী লক্ষীতলা ব্রিজ সংলগ্ন আত্রাই নদীতে মরদেহ দুটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহ দুটি পুরুষের এবং আনুমানিক বয়স ৩০ বছর হবে। মরদেহ দুটি অর্ধগলিত অবস্থায় ছিল। তাদের পরনে ছিল জ্যাকেট, মাফলার ও টুপি। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ দুটি নদীতে ভেসে আসার পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সিআইডিকে অবহিত করা হয়েছে। তারা থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
এদিকে, একই স্থানে একসঙ্গে দুই যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। দ্রুত পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পুলিশ জানিয়েছে, আশপাশের থানাগুলোতে নিখোঁজ সংক্রান্ত কোনো জিডি বা অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য মাধ্যম ব্যবহার করে মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।






