হবিগঞ্জের লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ১৬ ও ১৭ ডিসেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র, এসআই মোঃ আখতারুজ্জামান, বিপুল চন্দ্র দেবনাথ, প্রণয় কুমার সরকার, মানিক সাহা ও মুন্না মিয়াসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১৬ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে করাব এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
এই অভিযানে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় (মামলা নং-০৮, তারিখ-১৫/১২/২০২৫) তদন্তে প্রাপ্ত আসামি, করাব ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জালাল মিয়াকে (৪২) গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ করাব গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। এছাড়া ১৭ ডিসেম্বর বিকেলে একই গ্রামের আরেক যুবলীগ নেতা আতাউর রহমান কে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স ১৬ ডিসেম্বর রাত ১১টার দিকে লাখাই পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অভিযান চালায়। অভিযানে ২০ পিস ইয়াবাসহ সুজনপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নিয়ামুর ইসলাম নিয়ামুল (২২) এবং শিবপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে নাঈম মিয়াকে (২৩) গ্রেফতার করা হয়।
মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-০৯, তারিখ-১৭ ডিসেম্বর ২০২৫) দায়ের করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের ৩ জন কে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।






