সারাদেশ

‘আমি যা বলব তাই আইন, আল্লাহর হুকুম’ -বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

‘আমি যা বলব তাই আইন, আল্লাহর হুকুম’। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক কমিটির সহ সম্পাদক সাবেক এমপি আমিনুল ইসলামকে এমন কথা বলতে শোনা গেছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়। ভাইরাল ওই ৪২ সেকেন্ডের ভিডিওতে কোন একটি বিষয়কে শক্তহাতে দমনের কথা বলতে শোনা যায় তাকে। ধারণা করা হচ্ছে, বিবাদপূর্ণ একটি বিল নিয়ে বিএনপির এ নেতা এমন মন্তব্য করেছেন।

এ সময় সাবেক এমপি আমিনুল ইসলাম বলেন, এটাকে শক্ত হাতে দমন করতে হবে, মন মানসিকতা দিয়ে। সবখানে হাজ্বি আমিনুল ইসলাম করে দিবে তা না। আপনাদেরও দায়িত্ব আছে। বিল আছে, বিল তো কেউ উঠিয়ে নিয়ে বাইরে চলে যাবে কারও ক্ষমতা আছে? আবার আগের নিয়মে চলবে। যা ভাগ করে দিয়েছি তার বাইরে একটা সুঁচও লড়বে না।

স্থানীয় সূত্র জানায়, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে কয়েকটি মৌজা নিয়ে ছোট বিল্লা-বড় বিল্লা নামে একটি বিল আছে। যা নিয়ে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান এবং বিলটির উপর হাইকোর্টে মামলা চলমান আছে। এছাড়া বিলটি থেকে সরকার প্রতি বছর রাজস্বও হারাচ্ছে।

এ নিয়েই মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যার পর বিএনপি নেতা আমিনুল ইসলামের বাড়িতে রাধারনগর ইউনিয়ন বিএনপির নেতা ও কর্মীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বিএনপির নেতা কর্মীদের মাঝে বিলটি নিয়েই বক্তব্য দিতে গিয়ে তিনি বক্তব্যের এক পর্যায়ে এমন বিতর্কিত বক্তব্য দেন তিনি। ওই সময় আলমগীর হোসেনের নেতৃত্বে রাধানগরের বিএনপির নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এমপি প্রার্থীর বক্তব্য নিয়ে বলেন, আমিনুল হাজ্বির এমন বক্তব্যে আমরা চরমভাবে বিব্রত। তিনি দলীয় আদর্শ থেকে এমন বক্তব্য দিতে পারে না। এই বক্তব্য আমরা তৃণমূল বিএনপি ও দল সমর্থন করে না।

নিউজ ডেস্ক:

Leave a Reply