সারাদেশ

হোল্ডিং ট্যাক্সের টাকার ভাগাভাগিতে সাভার পৌরসভায় দুই কর কর্মকর্তার হাতাহাতি

ঢাকার সাভার পৌরসভা কার্যালয়ের এক অফিসকক্ষে দুই কর কর্মকর্তার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। হোল্ডিং মালিকানা পরিবর্তন ও কর সংক্রান্ত কাজের জন্য এক সেবা গ্রহীতার কাছ থেকে নেওয়া পাঁচ হাজার টাকা নিয়ে মতবিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হাতাহাতিতে জড়ানো দুই কর্মকর্তা হলেন— পৌরসভার কর নির্ধারক নাজমুল হাসান ও সহকারী কর আদায়কারী নজরুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অফিসকক্ষে কথাকাটাকাটির একপর্যায়ে উভয় কর্মকর্তা পরস্পরের ওপর চড়াও হন। উপস্থিত ব্যক্তিরা পরে তাদের পৃথক করে শান্ত করেন।

ঘটনাটি নিয়ে পৌর কর্মচারী ও সেবা গ্রহীতাদের মধ্যে বিভিন্ন আলোচনা চলছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী জানান, সেবা গ্রহীতার কাছ থেকে নেওয়া পাঁচ হাজার টাকার ভাগাভাগি নিয়ে দুই কর্মকর্তার মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়ে কর নির্ধারণ কর্মকর্তা নাজমুল হাসান জানান, হোল্ডিং ট্যাক্স ও নামজারি ফি বাবদ নজরুল ইসলামের কাছে একজন ব্যক্তি পাঁচ হাজার টাকা প্রদান করেছিলেন। তাঁর দাবি, নির্ধারিত ১,১৫০ টাকার নামজারি ফি’র রশিদ থাকলেও হোল্ডিং ট্যাক্সের রশিদ ছিল না, এ বিষয়ে প্রশ্ন তুলতেই নজরুল ইসলাম উত্তেজিত হয়ে আক্রমণ করেন।

সহকারী কর আদায়কারী নজরুল ইসলামের মন্তব্য জানতে চেষ্টা করা হলেও তিনি যোগাযোগের বাইরে ছিলেন। ঘটনার পর থেকে তিনি পৌর ভবনে উপস্থিত নেই বলে জানা যায়।

এ বিষয়ে সাভার পৌর নির্বাহী অফিসার সায়েদুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি প্রাথমিকভাবে কথা কাটাকাটির তথ্য শুনেছেন, তবে হাতাহাতির ঘটনার বিষয়ে নিশ্চিত নন। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply