উপজেলার গাজীপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মজুমদার বাড়িতে চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মৃত আব্দুর রাজ্জাক মজুমদারের ছেলে জুয়েল মজুমদার–এর ফাঁকা ঘর থেকে প্রায় কয়েক লক্ষাধিক টাকার মালামাল চুরি হয় গভীর রাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত ইকরামুল্লার ছেলে লেবু মিয়া ও লুতু মিয়ার ঘরের অংশে ঢুকে পরিকল্পিতভাবে চুরির ঘটনা সংঘটিত করে একই বাড়ির কাজল মিয়ার ছেলে সানি মিয়া (১৯) এবং দুধপাতিল গ্রামের বন্দের বাড়ির লুতু মিয়ার ছেলে লিটন (২০)। তারা রাতের আধারে ঘরের আসবাবপত্রসহ তিনটি হাঁড়ি-পাতিল, তিনটি ফ্রিজ, দুইটি টিভি, নয়টি ফ্যান, গ্যাসের চুলা সহ মূল্যবান মালামাল বাইরে বের করে নিয়ে যায়।
ঘরের মালিক পরিবার জানায়, চাকরির সুবাদে কেউ চট্টগ্রামে, আর কেউ ঢাকায় অবস্থান করায় বাড়িগুলো দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল। এ সুযোগেই চোরেরা টিন খুলে ঘরের ভেতর প্রবেশ করে দরজা খুলে মালামাল বাইরে বের করে নিয়ে যায়।
এদিকে, পাশের বাড়িতে গত বৃহস্পতিবার মজুমদার বাড়ির সারোয়ার মিয়ার ঘরেও চুরির ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আলী এবং চুনারুঘাট থানার সাব-ইন্সপেক্টর মৃদুল হাসান তরফদারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তিন চোরকে আটক করে এবং চুরি হওয়া সকল মালামাল উদ্ধার করে।
উদ্ধার করা মালামাল স্থানীয় ইউপি সদস্য মুন্সি আব্দুল হাসিমের জিম্মায় হস্তান্তর করা হয়। আটক তিনজনকে চুনারুঘাট থানায় নেওয়া হয়েছে এবং সংবাদ সংগ্রহ পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।






