স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে মাদক নির্মূল ও শান্তিপূর্ণ সমাজ গঠনের উদ্যোগ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ি বাজারে সম্প্রতি সমাজ থেকে মাদক নির্মূল এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দৌলতপুর জাগ্রত সমাজ কল্যাণ সংগঠন একটি শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে।
“সকলে মিলে মাদকের বিরুদ্ধে লড়ব, দৌলতপুরকে মাদকমুক্ত সমাজে পরিণত করব” – এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি এলাকার যুব সমাজ ও সাধারণ মানুষকে মাদক থেকে দূরে রাখতে স্বেচ্ছাসেবী উদ্যোগ হাতে নিয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইমরান মোল্লা জানান, “মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উপর নির্ভর করা যথেষ্ট নয়। সাধারণ নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তাই আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ মাদকবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করুক।”
এই কার্যক্রমের আওতায়, স্থানীয়রা যদি কোনো মাদক সেবনকারী বা বিক্রেতার তথ্য পান, তারা তা সুনির্দিষ্ট ঠিকানা সহ হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানোর জন্য উৎসাহিত করা হচ্ছে। সংগঠন নিশ্চিত করেছে যে সকল তথ্যের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
মোহাম্মদ ইমরান মোল্লা আরও বলেন, “মাদক শুধু ব্যক্তিগত সমস্যা নয়; এটি সমাজের জন্য ভয়ঙ্কর হুমকি। তাই সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে এবং একত্রে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
সংগঠনটি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করছে এবং ইতিমধ্যেই সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।






