সারাদেশ

রৌমারীতে পুলিশের উপস্থিতিতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

কুড়িগ্রামের রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতেই দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রৌমারী সদর ইউনিয়নের উত্তর ইছাকুড়ি গ্রামে। সংঘর্ষের পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কাউকে আটক করতে পারেনি।

পুলিশ, স্থানীয় সূত্র এবং ভুক্তভোগী পরিবার জানায়, উত্তর ইছাকুড়ি গ্রামের ইসরাফিল হক ও একই গ্রামের রাজা মিয়ার মধ্যে দীর্ঘ ৪০ বছর ধরে ৩ একর ৮৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ এবং আদালত ও থানায় পাল্টাপাল্টি অর্ধ ডজন মামলা রয়েছে। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে ইসরাফিলপক্ষ ট্রাক্টর দিয়ে চাষ করছিল। এ সময় রাজা মিয়ার লোকজন সেখানে গিয়ে হালচাষে বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষই ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের আশুরা খাতুন (৪০), তাহমিনা (৩০), রাজা মিয়া (৫৯), মজনু মিয়া (৫৫), সামছু মিয়া (৪৫), আবুল হাশেম (৫৫), আব্দুস সবুর (৪০), আনারুল হক (৩৫)সহ মোট ১৫ জন আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় আবুল হাশেম, আব্দুস সবুর, আশুরা খাতুন এবং মজনু মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নবীউল ইসলাম বলেন, নারী ও পুরুষ সহ আটজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘঁনটাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পযন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply