সারাদেশ

মাদকমুক্ত সমাজ গড়তে ধানের শীষে ভোটের আহ্বান আমিনুল হকের

ঝালকাঠির রাজাপুরে গাজিরহাট স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার বিকেলে অনুষ্ঠিত এ খেলায় টানটান উত্তেজনা ও উৎসবের আবহে মিরেরহাট স্পোর্টিং ক্লাব ট্রাইবেকারে হারিয়ে রাজাপুর ব্রাদার্স ইউনাইটেড ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা দেখতে মাঠে হাজারো দর্শকের ঢল নামে। গাজিরহাট স্কুল মাঠ ও আশপাশের এলাকা উৎসবে মুখর হয়ে ওঠে। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের করতালি, সমর্থকদের উচ্ছ্বাস আর ঢাক-ঢোলের শব্দে পুরো মাঠে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন, নাখেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নেক্ষ মাদকমুক্ত সমাজ গড়তে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত। তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক রেজোয়ানুল হক রিয়াজ, মাহবুবুল আলম মন্টু, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান, যুবদল নেতা মাঈন উদ্দিন সিকদার নয়নসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, পুটিয়াখালি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল আহাদ রুবেল গাজি ও প্রধান শিক্ষক হুমায়ূন কবির প্রমুখ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। পরে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মন জয় করে নেয়। পুরো মাঠজুড়ে ধানের শীষের ধ্বনি ও জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে রাজাপুরের গাজিরহাট এলাকা।

নিউজ ডেস্ক:

Leave a Reply