সারাদেশ

ভাঙ্গা মহাসড়কের পাশ থেকে পেট্রলবোমা ভর্তি লাগেজ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশ থেকে ৩২টি পেট্রলবোমা ভর্তি একটি লাগেজ উদ্ধার করেছে থানা পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত চলমান ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতার উদ্দেশে এসব বোমা সেখানে রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর দুইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে পেট্রলবোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গার মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা টের পেয়ে লাগেজটি মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় কালো রংয়ের লাগেজটি উদ্ধার করা হয়। পরে সেটি খুলে ভেতর ৩২ বোতল পেট্রলবোমা পাওয়া যায়। সেভেন আপ, পেপসি ও কোকাকোলার কাচের বোতলের ভেতর পেট্রোল দিয়ে এসব বোমা বানানো হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন। তিনি বলেন, মহা সড়কের পাশে ফেলে রাখা একটি লাগেজ দেখতে পেয়ে সেটি উদ্ধার করা হয়। পরে লাগেজ খুলে তার মধ্যে ৩২ বোতল পেট্রলবোমা পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজ ডেস্ক:

Leave a Reply