সারাদেশ

সারা দেশে শীতের অনুভূতি বাড়ছে, রাজশাহী ও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

দেশের উত্তরাঞ্চল থেকে ধীরে ধীরে নামছে শীতের পরশ। সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এ সময় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা ক্রমান্বয়ে আরও কমবে। দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া থাকবে শুষ্ক, আকাশ থাকবে আংশিক মেঘলা।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইবে।

ঢাকা ও আশপাশের অঞ্চলেও থাকবে একই ধরনের আবহাওয়া। আংশিক মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, ‘উত্তরাঞ্চলে শীত পড়তে শুরু করেছে। ক্রমান্বয়ে সারা দেশেই শীত বাড়বে। তবে আপাতত আরও দুই-তিন তাপমাত্রা কমবে। এর পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’

নিউজ ডেস্ক:

Leave a Reply