দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগানে মুখরিত রাজপথ। সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ৩টার দিকে মিরপুর ১২ নম্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে মিরপুর ১০ নম্বর পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে মিছিলটি পুনরায় ১২ নম্বর এলাকায় ফিরে আসে। মিছিলে অংশগ্রহণকারীরা “Say No To Rape” স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে। শিক্ষার্থীরা বলেন, এ ধরনের নৃশংস ঘটনার দ্রুত বিচার না হলে সমাজে নিরাপত্তাহীনতা বাড়বে এবং শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
সমাবেশে এক শিক্ষার্থী দৈনিক আমাদের সমাচার এর সাংবাদিকদের বলেন, “আমাদের দাবি—বিইউপি শিক্ষার্থীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করতে হবে। এতে শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ সম্ভব।”
বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি—সর্বোচ্চ মৃত্যুদণ্ডের দাবি জানান। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার কার্যকর না হলে দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এলাকাবাসীরাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন, যা পুরো ঘটনাকে আরও জোরালো করে তোলে।
এই প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীরা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।






