নওগাঁর পোরশা উপজেলার আল-জামিয়া আল-আরাবিয়া দারুল হিদায়াহ মাদরাসার ৬০ জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন। আক্রান্তদের সবাইকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর অসুস্থ ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসকরা ধারণা করছেন, খাবারের মধ্যে জীবাণু সংক্রমণের কারণেই শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাদরাসা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।
মাদরাসা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে প্রথমে তিনজন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়। একই দিন দুপুরে আরও ২৮ জন, বিকেলে ১২ জন এবং বুধবার আরও ১৭ জন অসুস্থ হয়ে পড়ে। একে একে অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “আমাদের মাদরাসায় প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থী ও শতাধিক শিক্ষক-কর্মচারী রয়েছে। সবাই একই খাবার খাই। কিন্তু কেন হঠাৎ করে কেবল ৬০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ল তা আমরা বুঝতে পারছি না।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে হাসপাতালে যান। এ সময় তিনি চিকিৎসার ব্যবস্থার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজির আহম্মেদ মাদরাসা পরিদর্শন করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি জানান, আক্রান্তদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নতুন কেউ আক্রান্ত হচ্ছে কি না তা পর্যবেক্ষণে রাখা হয়েছে।






